‘
আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি’—খানিকটা আনমনেই সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বললেন কথাটি। তাঁর পাশে ভাস্কর হামিদুজ্জামান খান। তাঁকে সঙ্গে নিয়ে আজিজ খান দেখছিলেন নির্মাণাধীন ভবনের দেয়ালে সদ্য বসানো একটি ভাস্কর্য—ভাষাপ্রাপ্তির আগে মানুষের ব্যবহৃত সাংকেতিক চিহ্ন।
এর আগে একের পর এক নানামাত্রিক ভাস্কর্য দেখে আমাদের চোখ ততক্ষণে মুগ্ধতা আর স্নিগ্ধতার আবেশে একাকার। তার মধ্যে আজিজ খানের কথাটি—‘আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শুনে মুহূর্তেই একটু নড়ে উঠলাম। মন বলল, হ্যাঁ, তাই তো! আর্ট মানে শিল্প, ইন্ডাস্ট্রি অর্থও শিল্প। এখানে তো শিল্পের মধ্যে শিল্পকলার কায়কারবারই হচ্ছে। তাই এখানকার বাস্তবতায় এর চেয়ে যথার্থ কথা আর কী হতে পারে!

